তিউনিসিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকার সোমবার সেদেশের সাধারণ জনগণের রোষানলে পড়েন। দেশটির গণআন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট মনসেফ মারজুকি ঐতিহাসিক সিদি বৌজিদে বক্তব্য রাখতে গেলে উপস্থিত জনতা তার উপর ক্ষুব্ধ হয়ে উঠে এবং একপর্যায়ে তারা পাথর নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে সঙ্গে থাকা পার্লামেন্টের স্পিকার উত্তেজিত জনতাকে শান্ত করতে গেলে তার উপরও বিক্ষুব্ধ লোকজন চড়াও হয়।
সূত্র জানায়, সকালে সিদি বৌজিদ শহরে গণআন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে প্রেসিডেন্ট সেখানে বক্তব্য শুরু করলে লোকজন তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে তারা প্রেসিডেন্টর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। তারা তখন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট এবং স্পিকারকে তত্ক্ষণাত্ বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে সরিয়ে আঞ্চলিক সরকারের সদর দফতরে নিয়ে যায়। বিক্ষোভকারীরা তখন পুরো চত্বর ঘিরে ফেলে এবং সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে । তারা বলতে থাকে, এই সরকারকে যে কোন মূল্যে হটাতে হবে।
