নেপালের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ঘুরে বেড়ানো একটি বন্য হাতিকে খুঁজে বেড়াচ্ছে নেপাল সেনাবাহিনীর সদস্যরা। এই বন্য হাতিটি গত তিনমাসে চারজন মানুষকে হত্যা করেছে। সোমবার এসব কথা জানিয়েছেন নেপালি কর্মকর্তারা। নেপালের ভারতপুর জেলার সহকারী প্রশাসক শিভা রাম গেলাল জানান, শনিবার চিতোয়ান জাতীয় উদ্যান লাগোয়া গ্রাম গার্দিতে প্রবেশ করে হাতিটি একটি খড়ের ঘর গুঁড়িয়ে দিয়ে বাসিন্দা প্রবীণ দম্পতিকে হত্যা করে।
চিতোয়ান উদ্যানের কর্মকর্তারা জানিয়েছেন, একই হাতি তিন মাস আগে আরো দুই গ্রামবাসীকে হত্যা করেছিল। “পাগল হয়ে যাওয়ায় হাতিটিকে গুলি করে মারার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সেনারা হাতিটির খোঁজ করছে,” বলেন গেলাল। বর্তমানে নেপালে প্রায় ৩শ’ হাতি আছে। এর মধ্যে ১শ’ গৃহপালিত। পর্যটকদের বাঘ ও এক শিঙ্গি গণ্ডার দেখানোর জন্য
এসব গৃহপালিত হাতি ব্যবহার করা হয়।
নেপালের আইনে হাতি হত্যা শাস্তিযোগ্য অপরাধ। বিনা কারণে হাতি মারলে অপরাধীর সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। তবে গেলাল জানান, নেপালের স্থানীয় প্রশাসন আইনে কোনো হাতি মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ালে কর্তৃপক্ষের অনুমতিতে তাকে হত্যা করার বিধান আছে।
