মরার ভান করে প্রাণ রক্ষা
আমেরিকার স্যান্ডি হুক স্কুলের ফাস্ট গ্রেডের ছয় বছরের এক ছাত্রী মরার ভান করে বেঁচে গেছে। তার রুমের অন্য ১৫জন শিক্ষার্থীকে শুক্রবার গুলি করে হত্যা করে বন্দুকধারী। ঘটনার আকস্মিকতায় সে দৌড়ে পালানোর পরিবর্তে মরার ভান করে অন্য সহপাঠীদের লাশের সঙ্গে পড়ে থাকে। শিশুটির বুদ্ধি ও সাহসের প্রশংসা করেন তার মা। মানসিক শান্তির জন্য তাকে গির্জায় নেয়া হলে ঐ গির্জার ফাদার সাংবাদিকদের এ ঘটনা জানান।-এএফপি
আসছে ভিভা ফরেভার
ব্রিটিশ প্রযোজক ও নাট্যনির্দেশক জুডি ক্রেমার এবার মঞ্চ মাতাতে আসছেন ভিভা ফরেভার নামে সঙ্গীত দল নিয়ে। এর আগে তিনি মামা মিয়া অ্যালবামের মাধ্যমে নাট্যমঞ্চে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি মামা মিয়া’র মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে গীতিনাট্যের প্রচলন শুরু করেন। বিশ্বের বিভিন্ন দেশে এ গীতিনাট্যের ৩৪টি প্রযোজনা সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখান থেকে আয় হয়েছে কোটি কোটি টাকা। এবার তিনি সুপারহিট গানের স্পাইস গার্লসকে নিয়ে তৈরি করেছেন মিউজিক্যাল শো ভিভা ফরেভার।-বিবিসি
বার্ড ফ্লুতে শিশুর মৃত্যু
ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে চার বছরের এক বালক মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে এ রোগে ১০ জনের প্রাণহানি ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানায়। পশ্চিম জাভার বোগর জেলার বালকটি এক সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভোগার পর ৬ ডিসেম্বর মারা যায়। ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লু’র সংক্রমণ ব্যাপক। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ২০০৩ সাল থেকে দেশটিতে এ রোগে ১৫৯জনের মৃত্যু ঘটে। এ সময়ে বিশ্বব্যাপী মারা গেছে ৩৫৯ জন।-এএফপি
শিনজো আবের ভুল
জাপানের ভাবী প্রধানমন্ত্রী শিনজো আবে জর্জ ডব্লি¬উ বুশের সঙ্গে বারাক ওবামাকে গুলিয়ে ফেলেছেন। নির্বাচনে যুগান্তকারী বিজয়ের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রথমবারের মতো আলাপকালে মঙ্গলবার তিনি জানান, তার সঙ্গে প্রেসিডেন্ট বুশের কথা হয়েছে। অথচ ফোন করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপস্থিত সকলে হাসাহাসি শুরু করলে তিনি দ্রুতই ভুল বুঝতে পেরে বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা জোটের ওপর গুরুত্বারোপের বিষয়ে তিনি ও ওবামা একমত হয়েছেন। শিনজো আবে এর আগে ২০০৬-০৭ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে যুক্তরাষ্ট্রে বুশ ক্ষমতায় ছিলেন। আগামী ২৬ ডিসেম্বর আইনপ্রণেতাদের দ্বারা আবে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।-এএফপি
