সিরিয়ায় সামপ্রতিক সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতার প্রেক্ষিতে সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকেদের উদ্ধারে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নাম প্রকাশে এক নৌবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
যুদ্ধজাহাজ বহরটি ভূমধ্যসাগরের উদ্দেশ্যে সোমবার বাল্টিক সাগরের বাল্টিক বন্দর ত্যাগ করেছে বলে জানানো হয়েছে। এসব যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে সিরিয়ার পানি সীমার কাছে অবস্থান করবে। সেখানে একটি মহড়া চালানো হবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গত সপ্তাহে রুশ সামরিক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স খবর দিয়েছে, সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হলে সেদেশ থেকে রুশ নাগরিকদের সরিয়ে নিতে ওই যুদ্ধজাহাজ ব্যবহার করা হতে পারে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। রাশিয়া হচ্ছে সিরিয়ার ঘনিষ্ট মিত্র এবং ভূমধ্যসাগরে অবস্থিত সিরিয়ার তারতুস বন্দরটি রাশিয়া ব্যবহার করে থাকে।
