ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের পাশে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ী সোহেল গোমস্তাকে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় সোহেলের চিত্কারে পথচারীরা এসে মাইক্রোবাসসহ একজনকে আটক করলেও অন্য অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ডের সুপার মার্কেটের মা ও মনি জুয়েলার্সের মালিক সোহেল গোমস্তা সোমবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে মোটর সাইকেলে নিজ বাড়ি পতিহার যাচ্ছিলেন।
গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের সম্মুখে পৌঁছলে একটি মাইক্রোবাস মহাসড়কে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ী সোহেলের পথরোধ করে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে সোহেলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তোলে। এ সময় অপহরণকারীরা সোহেলের মোটর সাইকেলটি মাইক্রোবাসে তোলার সময় তিনি চিত্কার দিলে পথচারীরা এগিয়ে আসলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মাইক্রোবাসসহ ড্রাইভার মীর মামুনকে (৩০) আটক করা হয়। মামুনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সোহেল গোমস্তা গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় মামলা করেছেন। আটক মামুনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাঁচিপাড়া গ্রামে।
