আদিতমারী ডিগ্রি কলেজ

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভাংচুর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:১৪
লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের একাডেমিক ভবনে ভাংচুর করেছে। এ সময় তারা ক্লাস চলাকালীন শিক্ষকদের শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এছাড়া অধ্যক্ষের অপসারণ দাবি করে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে একটি স্মারকলিপি দিয়েছে। ছাত্রদের অভিযোগ এইচএসসি ফরম পূরণে তাদের কাছ থেকে বোর্ড নির্ধারিত টাকার অতিরিক্ত অর্থ আদায় করে আসছে কলেজ কর্তৃপক্ষ। তারা মনগড়া একটি তালিকা তৈরি করে অর্থ আদায় করে আসছে। এ বিষয়ে আদিতমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদার রহমান সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক ছাত্রদের একটি স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।