মামলা জট নিরসনে উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলার শুনানিকালে মামলা জট নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে এত মামলা যে, ফাইল রাখার মতো পর্যন্ত জায়গা নেই। অনেকটা ক্রিটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মামলাজট নিরসন নিয়ে সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বসব। সবাইকে বলব এ অবস্থায় কি করণীয় সেটা আপনারা বলুন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ দিকে, এই বৈঠক কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি যে দিন ধার্য করে দেবেন ওইদিনই এই বৈঠক হবে। চলতি সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) আয়োজিত অনুষ্ঠানে ‘ন্যাশনাল জাস্টিস অডিট’ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদন বিষয়ে গতকাল প্রধান বিচারপতি বলেন, মামলার নিরীক্ষা প্রতিবেদন দেখে আমি প্রায় বিব্রত। এত মামলা!
প্রসঙ্গত দেশের সকল আদালতে বর্তমানে ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। আর উচ্চ আদালতে রয়েছে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি। আপিল বিভাগে রয়েছে ২০ হাজার ৪৪২টি মামলা।
জিআইজেড অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচারক সংকট, অবকাঠামোগত অপ্রতুলতাকে মামলাজটের অন্যতম কারণ মনে হলেও শুধুমাত্র বিচারক বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন সঠিক মামলা ব্যবস্থাপনা, যা নিশ্চিত করতে আমাদের দুটি ধাপে কাজ করতে হবে। প্রথমত, প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থায় মামলা দায়েরের হার কমানো এবং দ্বিতীয়ত, মামলা দায়েরের পর প্রতিটি পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করা।
