অবরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের দুই মামলায় গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন ফৌজদারি মামলার শুনানিশেষে এ আদেশ দেন।
আইনজীবীরা গতকালই জামিন আবেদন শুনানি করতে চাইলে বিচারক তা নাকচ করেন। মির্জা ফখরুল ইসলামের পক্ষে আদালতে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন, মহসিন মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেসবাহসহ প্রমুখ শুনানি করেন। গত ১০ ডিসেম্বর এই নেতাকে পল্টন থানার গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণের মামলায় গ্রেফতার করে পুলিশ। ১১ ডিসেম্বর তাকে শেরেবাংলা নগর থানার ও পল্টন থানার এ মামলাসহ দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। ঐদিন রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হলে তা না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেয়া জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে গতকাল এ আদালতে দুইটি জামিনের আবেদন করা হয়।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে রাজধানীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৮টি মামলা হয়, যার প্রায় সবকটিতেই ফখরুলকে আসামি করা হয়েছে। এছাড়া তিনি চলতি বছরের প্রথমদিকে হরতালে গাড়ি পোড়ানোর অপর একটি মামলায় কারাগারে ছিলেন।
