মিছিল-প্রতিবাদের মুখে তালোড়া পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৯
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এবং কমিটি গঠন কেন্দ্র করে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। গত সোমবার বিকালে তালোড়ার পৌর স্মৃতি সৌধে সম্মেলন চলাকালে সম্মেলন বর্জন করে বিক্ষোভকারীরা মিছিল, প্রতিবাদ ও সভা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সভাস্থলে পুলিশ মোতায়েন করে স্মৃতি সৌধের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। উপজেলা যুবলীগের সহসভাপতি প্রবীর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বাপ্পা মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল আলমের সমর্থনে নেতা-কর্মীরা প্রধান ফটকের বাইরে মিছিল, প্রতিবাদ ও সভা করে। প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা জানান-পৌর কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম নিজের পকেট কমিটি করার তাদের সদস্য করেননি। তাই দ্রুত তাদের দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পৌর কমিটির সভাপতি আমিরুল ইসলাম পকেট কমিটির কথা অস্বীকার করেছেন। এদিকে বিক্ষোভ সমাবেশ হলেও ওই দিন সন্ধ্যায় পৌর কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক এবং নির্বাচিত সম্পাদক হন সুব্রত মণ্ডল।