মেহেরপুর শহরের উপকণ্ঠে ছিনকাইকারীদের তাণ্ডবে এক নবজাতকের মৃত্যুসহ আহত হয়েছে আরো ৩ জন। ছিনতাইকারীরা ওই সময় ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের লাশসহ হতভাগ্য মাকে সদর উপজেলার মনোহরপুর নিজ গ্রামে পাঠানো হয়।
জানা গেছে, সদর উপজেলার মনোহরপুর গ্রামের রবি’র স্ত্রী মেহেরুন নেছা গত রবিবার রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক ঘণ্টা পর নবজাতকটি অসুস্থ হয়ে পড়লে গতকাল মঙ্গলবার ভোরের দিকে মা-বাবা তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তারা মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়ে পৌঁছুলে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ছিনতাইকারী তাদের বহনকারী আলগামনের গতিরোধ করে। ওই সময় ছিনতাইকরীরা তাদের মারধর শুরু করে। নবজাতকের মা-বাবা তাদের সন্তানকে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে বলে আকুতি জানালেও তাতে ছিনতাইকারীরা কান দেননি। তারা অন্ধকারে নবজাতকটি নিয়ে টানা-হেঁচড়া করতে থাকে। এক পর্যায়ে শিশুটি মারা যায়। এরপরও ছিনতাইকারীরা তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সকালে পথচারিরা নবজাতকের আহত পিতা রবি এবং একই গ্রামের আজিজুলের ছেলে জাকিরুল ও রফিকুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
