আজ বুধবার বিরোধী দল বিএনপি রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দুপুর ২টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্র জানায়, সারাদেশ থেকে কমপক্ষে ১০ হাজার মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজধানীতে অনেকে এসে উপস্থিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ব্যারিস্টার শাহজাহান ওমর মহানগর নাট্যমঞ্চ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম ও দলের সিনিয়র নেতারা। সাংবাদিকদের জানানো হয়, সংবর্ধনা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
