খালেদা জিয়ার নির্লিপ্ততায় জিয়া হত্যার বিচার বন্ধ হয়ে যায় :গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩৭

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, খালেদা জিয়া-তারেক জিয়া ক্ষমতায় থাকাকালে জিয়া হত্যার বিচার কাজের নির্লিপ্ততা বা অন্য কোনো কারণে বন্ধ হয়েছে। প্রকৃতপক্ষে সবাই আইনের শাসন চায় না। তাহলে জিয়া হত্যার বিচার বন্ধ হতো না। গতকাল পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জেলা জজ ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল হক খান প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে অসহায় বিচারবঞ্চিত মানুষকে আইনগত সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় আইনগত সহায়তাপ্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যখনই তিনি সরকারে এসেছেন তখনই প্রতিষ্ঠানটি গতি পেয়েছে, সংহত ও ব্যাপ্ত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার এবং বঙ্গবন্ধু ভবনের মালিকানা ফিরে পেতে একজন অসহায় বিচার প্রার্থী হয়ে তিনি আইনি লড়াই করে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে দেশের আইনগত সহায়তার যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা একজন অসহায় বিচার প্রার্থী হিসাবে শেখ হাসিনারই অবদান। এমনকি মানবতাবিরোধী অপরাধে স্বাধীনতা বিরোধীদের বিচার করে রায় কার্যকর করা হয়েছে। এক কথায় তিনিই আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।