ভারতে নির্মাণাধীন ভবনে স্ল্যাব ধসে ১৩ শ্রমিক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
ভারতের পুনের ওয়াগহলিতে একটি নির্মাণাধীন ভবনের স্ল্যাব ধসে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বুধবার জানায়, ওয়াগহলির আয়ুর্বেদিক কলেজ ভবনের পঞ্চমতলায় শ্রমিকেরা কাজ করার সময় কংক্রিটের স্ল্যাবটি ধসে পড়ে। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরো শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর এক আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ল্যাব ধসের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।