পাইলটের ভুলে সুখোই
বিমান বিধ্বস্ত
ইন্দোনেশিয়ার তদন্ত কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, রুশ সুখোই সুপারজেট বিমানটি পাইলটের ভুলের কারণেই বিধ্বস্ত হয়েছে। গত মে মাসে জাভার একটি আগ্নেয়গিরিতে আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ৪৫ জনের সকলেই প্রাণ হারায়। জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি (কেএনকেটি) তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, বিমানটির সতর্কীকরণ ব্যবস্থা সচল ছিল এবং সুখোই সুপারজেট-১০০ বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে বসা পাইলট অন্যমনস্ক ছিলেন। পাইলটের এই ভুলের কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।-এএফপি
মেক্সিকোর কারাগারে
সংঘর্ষে ১৭ জন নিহত
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় দুরাঙ্গো রাজ্যের গোমেজ প্যালাসিও শহরের এক কারাগারে মঙ্গলবার সংঘর্ষে ১১ বন্দী ও ৬ প্রহরী নিহত হয়েছে। বন্দীরা জেল ভেঙ্গে পালাতে গেলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। জননিরাপত্তা কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বন্দীরা জেল ভাঙার চেষ্টা করলে প্রহরীরা বাধা দেয়। এতে উভয়পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয়।-এএফপি
আফগানিস্তানে জার্মান
প্রেসিডেন্ট গাউক
জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। প্রেসিডেন্ট প্রাসাদে গাউককে সামরিক অভ্যর্থনা জানানো হয়। এক অঘোষিত সফরে সোমবার আফগানিস্তানে পৌঁছান জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক। বার্লিনস্থ প্রেসিডেন্ট ভবন থেকে জানানো হয়, সোমবার আফগানিস্তানের উত্তরে অবস্থিত মাজার-ই-শরিফ বিমানবন্দরে অবতরণ করেন জার্মান প্রেসিডেন্ট।-ডয়চে ভেলে
বিশ্বের প্রতি ছয়জনের
একজন ধর্মহীন
কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষরা এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অংশে পরিণত হয়েছে। ধর্মবিশ্বাস নিয়ে নতুন একটি গবেষণা অনুযায়ী সংখ্যার দিক দিয়ে খ্রিস্টান ও মুসলমানদের পরেই আছে ধর্মহীনরা, তারা ছাড়িয়ে গেছে হিন্দুদের। পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের দ্য গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্ক্যাপ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৬৯০ কোটি বা ৮৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী। মোট জনসংখ্যার ১৬ শতাংশের কোনো ধর্ম নেই; এরা নাস্তিক অথবা অজ্ঞেয়বাদি। আধ্যাত্মিক বিশ্বাস থাকলেও কোনো প্রতিষ্ঠিত ধর্মের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারাও ‘ধর্মহীনদের’ দলে পড়েছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মহীনদের মধ্যে অনেকেরই আবার ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস আছে। সৃষ্টিকর্তা বা অসীম ক্ষমতাধরের ওপর বিশ্বাস আছে ৭ শতাংশ ধর্মহীন চীনা, ৩০ শতাংশ ধর্মহীন ফরাসি ও ৬৮ শতাংশ ধর্মহীন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের। -রয়টার্স
