তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করুন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩৯

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ তৈরি পোশাক সেক্টরে আমূল পরিবর্তন এনেছে। তৈরি পোশাক কারখানাগুলোকে আধুনিক ও কর্মবান্ধব করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির ফলে তৈরি পোশাকের উত্পাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সে তুলনায় ক্রেতারা পণ্যের মূল্য বাড়াচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা জরুরি।

গতকাল রবিবার সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট জেবা রিয়াজউদ্দিন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারসহ ১২ সদস্যের এক প্রতিনিধি দল এর সঙ্গে মত বিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। 

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা)-এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। গত বছর ১৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সভায় বাইলেটারেল ট্রেড, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ইজ অফ ডুয়িং বিজনেস, ফেয়ার প্রাইজ, টেরিফ এবং নন-টেরিফ বেরিয়ার, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, ট্রেড ফেসিলিটেশন, রিজিওনাল কানেকটিভিটি, ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বিল্ডিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাসিসটেন্ট ইউএসটিআর (ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেনটেটিভ) জেবা রিয়াজউদ্দিন নেতৃত্ব দেন।