লক্ষ্মীপুরে বিএনপির ৬ নেতা খুনের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৪
লক্ষ্মীপুরে গত এক বছরে বিএনপি ও যুবদলের ৬ নেতা আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হাতে নির্মমভাবে খুন হয়েছে। এগুলোর বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জেলা যুবদল। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর সদর আসনের এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের সময় লক্ষ্মীপুরে যুবদল নেতা মনির হোসেন, আনোয়ার হোসেন, মহসিন, এডভোকেট দিদারুল আলম, রুবেল ও বিএনপি নেতা আবুল কাশেম নিহত ও অনেক নেতাকর্মী আহত ও পঙ্গু হয়েছে। সরকার অবিলম্বে এসব হত্যাকাণ্ডে খুনীদের বিচার না করলে আমরা ক্ষমতায় গেলে তাদের বিচার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট হারুনুর রশিদ প্রমুখ।