অষ্টম সমাবর্তনে অব্যবস্থাপনার অভিযোগ

রাবি প্রশাসনকে এক সাবেক শিক্ষার্থীর লিগ্যাল নোটিস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অষ্টম সমাবর্তনে অব্যবস্থাপনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে লিগ্যাল নোটিস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট জহুরুল ইসলাম। তার পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম রানা সমাবর্তন আয়োজনে সাংগঠনিক কমিটির সভাপতি, সদস্য সচিব এবং আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক বরাবর নোটিস পাঠিয়েছেন বলে জানান। তবে রাবি উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এমএ বারী এ ধরনের কোন নোটিস পাননি বলে সাংবাদিকদের জানান। নোটিসে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতিকে আনতে না পারা, রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের কোন খোঁজখবর না রাখা, ২ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি’র বিপরীতে খুবই নগণ্য উপহার দেয়াসহ নানা ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। তবে দীর্ঘদিন পর সমাবর্তন আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নোটিস প্রাপ্তির ৩ দিনের মধ্যে গণমাধ্যমের মাধ্যমে রাবি প্রশাসনকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় প্রতারণার অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হবে।