যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইহুদিদের উপাসনালয় সিনাগগে শনিবার এক বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জন আর্নেস্ট (১৯) নামে এক যুবককে আটক করেছে। হামলার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটা ‘ঘৃণাসূচক অপরাধ’ বলেই মনে হচ্ছে। পুলিশের কর্মকর্তা শেরিফ বিল গোর বলেছেন, তদন্তকারীরা হামলাকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখছে। হামলার কয়েক ঘণ্টা আগে অনলাইনে চিঠি পোস্ট করা হয়। চিঠির লেখক হিসেবে জন আর্নেস্টের নাম আছে। তিনি লিখেছেন, ক্রাইস্টচার্চের দুটো মসজিদে হামলা এবং পিটসবার্গের ট্রি অফ লাইফ সিনাগগের উপর হামলার ঘটনা তাকে উত্সাহিত করেছে। কর্তৃপক্ষ বলছে, গত মাসে একটি মসজিদে আগুন লাগার ঘটনার তদন্তেও আর্নেস্ট তাদের নজরে ছিল। -বিবিসি
