পেনশনভোগীদের বাড়িভাড়া ভাতা দিন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
৮ম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীদের কেউই ২০০০ থেকে ৫০০০ টাকার ওপরে পেনশন পান না। উল্লেখ্য যে, অবসর গ্রহণের পর বাড়িভাড়া ভাতা বন্ধ হয়ে যায়। যারা সত্ভাবে চাকরি করে অবসরে গেছেন তারা সংসারের ব্যয় নির্বাহ করে হাতে তেমন কোনো অর্থই রাখতে পারেননি। ছেলে-মেয়েদের লেখাপড়া, মেয়েদের বিয়ে এবং অন্যান্য খরচ মেটাতেই তারা নিঃশেষ হয়ে গেছেন। শেষ জীবনে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। চাকরিজীবনে অর্থ বাঁচিয়ে শহরে বাড়ি করা এদের পক্ষে সম্ভব ছিল না। বেশিরভাগ চাকরিজীবীকেই চাকরি অবস্থায় অথবা অবসর সময়ে ভাড়া বাসাতেই থাকতে হয়। যে সামান্য অর্থ তারা অবসরভাতা পান তা দিয়ে বাড়িভাড়া শোধ করে সংসারের খরচ চালানো সম্ভব নয়। যে সমস্ত ছেলেমেয়ে চাকরি করছে তারাও নিজেদের সংসার চালিয়ে বাবা-মাকে তেমন কিছুই সাহায্য করতে পারে না। এ অবস্থায় পরিবারগুলোকে বাড়িভাড়া নির্বাহ করার জন্য পেনশনের ষাট ভাগ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষস করছি। জাহাঙ্গীর চাকলাদার, লালবাগ, ঢাকা।