আমরা পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ২০১২ শিক্ষাবর্ষের বিএড কোর্সের নিয়মিত প্রশিক্ষণার্থী। পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ দেশের ১৪টি সরকারি ট্রেনিং কলেজের মধ্যে অন্যতম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ৪০০ টাকা কেন্দ্র ফিসসহ ৩৩৫০ টাকা ধার্য করেছে, সেখানে আমাদের কাছ থেকে জনপ্রতি ৪১৫০ টাকা করে নেয়া হয়েছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরম পূরণের জন্য ৩৫০০ টাকা করে নিয়েছে। অতিরিক্ত অর্থ কেন নেয়া হচ্ছে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। উপরন্তু এ ব্যাপারে বেশি কথা বললে কলেজ থেকে ফেল করিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে। উল্লেখ্য, আমাদের ভর্তির সময়ও অতিরিক্ত অর্থ নেয়া হয়েছিল— তখন আমাদের কাছ থেকে জনপ্রতি ৩৮৫০ টাকা করে নিয়েছিল। অথচ অন্যান্য কলেজ ঐ সময় জনপ্রতি ২৫০০ টাকা করে নিয়েছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহফুজ, হিরক, সাইদ, আল্পনা, স্মৃতি, মায়া
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা।
