সরিষাবাড়ীতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকাসহ ৮ ইউনিয়নে সরিষার ব্যাপক চাষ হয়েছে। যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর বুক চিরে জেগে উঠা চরাঞ্চলে মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলে ভরে উঠেছে। বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে স্থানীয় কৃষি অফিস জানিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি রবি মৌসুমে সরিষাবাড়ীতে ৩ হাজার ১০০ হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৪৬০ হেক্টর জমিতে ইতিমধ্যেই সরিষার চাষ হয়েছে। সর্বোচ্চ সাতপোয়ায় ১ হাজার ৯০০ হেক্টর, কামরাবাদে ৮৫০ হেক্টর ও পোগলদীঘা ইউনিয়নে ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়া পৌর এলাকাতেও সরিষা হয়েছে ৯০ হেক্টর জমিতে। উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত ও চরাঞ্চলে সরিষার ব্যাপক চাষ হয়েছে। গত মৌসুমে অকাল বন্যায় রোপা আমন, সবজি ও মরিচের ব্যাপক ক্ষতি হওয়ার পর চলতি মৌসুমে সরিষা চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। এদিকে মৌচাষীরা বাণিজ্যিকভাবে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করেছে। এ বছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৫টি স্থানে বাণিজ্যিকভাবে মৌচাষ হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে নিউগেরটেংগর এলাকায় ১৫০টি, চর ধানাটায় ৯০টি, টাকুরিয়ায় ১০০টি এবং শিশুয়া ও বাঘমারায় ১৫০টি মৌ বাক্স স্থাপন করা হয়। স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা তাদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন ও বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করছেন।