খিলগাঁওয়ে কর্মচারী হত্যা

একজনকে আসামি করে চার্জশিট দিচ্ছে ডিবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
বড় ভাইকে গুলি করার সময় লক্ষ্য ভ্রষ্ট হয়ে গুলি বাড়ির কর্মচারীর গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই কর্মচারী খায়রুল ইসলাম (২৫) নিহত হন। তবে হত্যায় ব্যবহূত অবৈধ আগ্নেয়াস্ত্রটি পুলিশ উদ্ধার করতে পারেনি। আর খায়রুল ইসলাম হত্যায় সোহরাওয়ার্দীকে (৫২) একমাত্র আসামি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চার্জশিট দিচ্ছে। এ ব্যাপারে ডিবি’র সহকারী কমিশনার আলবেলী আফিফা বলেন, বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে একজন নিরাপরাধ কর্মচারী খুন হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত সোহরাওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদে সোহরাওয়ার্দী তার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে খায়রুলকে হত্যা করার কথা স্বীকার করেছে। মামলার চার্জশিট তৈরির কাছ শেষ হয়ে গেছে। শিগগির এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর খিলগাঁওয়ের ৫৩৪/সি ও ৫২৬/সি দুই বাড়ির সামনের রাস্তায় গুলিতে নিহত হন খায়রুল। ঘটনার পর খায়রুলের ভাই খতিবার রহমান খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তভার খিলগাঁও থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তরিত হয়।