গ্রামীণফোনের নতুন সিইও বিবেক সুদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ পেয়েছেন ভারতীয় নাগরিক বিবেক সুদ। তিনি ভারতের মোবাইল ফোন অপারেটর ইউনিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবেক সুদ আগামী ৭ জানুয়ারি বর্তমান সিইও টোরে জনসেনের স্থলাভিষিক্ত হবেন। গ্রামীণ ফোনের পরিচালনা পর্ষদ বুধবার এই নিয়োগের সিদ্ধান্ত নেয়। গ্রামীণফোনের অষ্টম প্রধান নির্বাহী বিবেক হবেন এই পদে প্রথম ব্যক্তি যিনি নরওয়ের নাগরিক নন। বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বোর্ড চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, পর্ষদ বিবেক সুদকে গ্রামীণফোনের নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক মোবাইল ফোনের বাজারে তার অভিজ্ঞতা বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থান আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।