থাই প্রধানমন্ত্রী ইংলাক কাল আসছেন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২২
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দুইদিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন। এই সফরে ঢাকা ও ব্যাংককের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। কূটনৈতিক সূত্র জানায়, ইংলাক সিনাওয়াত্রার এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো ঘনিষ্ট হবে বলে বাংলাদেশ সরকার আশা করছে। আগামীকাল বিকেলে থাই প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইটযোগে ঢাকা এসে পৌঁছবেন। শনিবার সারাদিন কর্মব্যস্ত সময় কাটানোর পর সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে কর্মসূচিতে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত আলোচনা ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। এছাড়া ইংলাক সিনাওয়াত্রার সফরসূচিতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে ঐতিহাসিক ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি থাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাত্ করবেন।