যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ নিয়ে দুই বার প্রভাবশালী এ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো টাইম সাময়িকীর পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন।
এবার টাইম সাময়িকীর পারসন অব দ্য ইয়ার রানারআপ হয়েছে পাকিস্তানের শিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই (১৫)। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ আরো রানার আপ নির্বাচিত হয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। হিগস-বোসন তত্ত্বের আবিষ্কারক তিনজন বিজ্ঞানীও রয়েছেন এই তালিকায়। ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়ার, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
বারাক ওবামার ব্যাপারে টাইমের ব্যবস্থাপনা সম্পাদক রিক স্টেনজেল জানান, অর্থনৈতিক সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ওবামা। ওবামাকে নতুন আমেরিকার স্থপতি উল্লেখ করে স্টেনজেল বলেন, আমরা ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনসংখ্যাতত্ত্বের পরিবর্তনের মধ্যে রয়েছি। ওবামা নতুন ?আমেরিকার প্রতীক এবং এর স্থপতি।
প্রয়াত প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের পর ওবামা ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে টানা দুইবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তরুণ ও সংখ্যালঘু হিস্পানিক ভোটারদের মন জয় করে নতুন মৈত্রী স্থাপন করেছেন ওবামা। ওবামা ৪০ বছর আগে রোনাল্ড রিগ্যানের রাজনৈতিক ঐক্যের পুনরাবৃত্তি ঘটিয়েছেন বলে মন্তব্য করেন টাইমের ব্যবস্থাপনা সম্পাদক।
তবে অনলাইন জরিপে টাইমের পাঠকরা পারসন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। ছয় ব্যক্তির মধ্য থেকে উনকে বেছে নেন পাঠকরা।
