রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময়ই ভারতের কাছে যুদ্ধবিমান ও বিমানের ইঞ্জিন বিক্রির ব্যাপারে চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করছে রাশিয়া। ভারতের কাছে ৪২টি সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমানসহ দীর্ঘমেয়াদে ৯৭০টি বিমান ইঞ্জিন বিক্রয় সংক্রান্ত এ চুক্তিটির চূড়ান্ত মূল্য দাঁড়াতে পারে ৭৫০ কোটি মার্কিন ডলার। বুধবার রাশিয়ার অস্ত্র নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এ তথ্য জানায়। তবে পণ্যের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে একটি সূত্র। অবশ্য রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।
আগামী সোমবার ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। বহুদিন ধরেই দেশটির উত্পাদিত অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত।
সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিপক্ষ দেশ চীন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে তোলার পরিপ্রেক্ষিতে এ চুক্তিটির সম্ভাবনা দেখছেন রাশিয়ার অস্ত্রবাণিজ্য সংক্রান্ত্র গবেষকরা। ভারতের সঙ্গে চুক্তি সই হলে গতবছর ‘আরব বসন্ত’র কারণে মধ্যপ্রাচ্যে বাজার হারানো রাশিয়ার অস্ত্রশিল্প আবারো চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
২০০০ সালে ভ্লাদিমির পুতিন প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার অস্ত্র নির্মাণশিল্পকে বেশ পৃষ্ঠপোষকতা দেয়া হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং স্নায়ুযুদ্ধে মিত্রশক্তির দেশগুলোর কাছে কয়েক দশক ধরে সোভিয়েত আমলের প্রযুক্তিনির্ভর অস্ত্র বিক্রির মাধ্যমে বিস্তার লাভ করেছে দেশটির অস্ত্র নির্মাণশিল্প। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সেকেলে নকশার কারণে এবং আর্থিক সহায়তার অভাবে প্রায় স্থবির হয়ে পড়ে এর বাজার।
