বসতি সম্প্রসারণের পরিকল্পনা

ইসরাইলের সমালোচনায় জাতিসংঘ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
যুক্তরাষ্ট্র ব্যতীত নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা এবং জাতিসংঘের মহাসচিব অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনার সমালোচনা করেছেন। ১৪ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা বুধবার এক বৈঠকে জরুরি ভিত্তিতে ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ রাখার আহবান জানিয়েছেন। তবে সর্বসম্মতভাবে কোনো প্রস্তাব বা বিবৃতি দিতে একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাংবাদিকদের বলেছেন, বসতি স্থাপনে ইসরাইলের বাড়াবাড়ি রকমের তত্পরতা ‘একটি স্থিতিশীল ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার প্রতি গুরুতর হুমকি’। তিনি মন্তব্য করেন, আমি এই ভয়ংকর পথ চালু রাখা থেকে ইসরাইলকে বিরত হওয়ার আহবান জানাই। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া হিমাগারে চলে গেছে। অন্য যেকোনো সময়ের চেয়ে দু’পক্ষকেই সবচেয়ে বেশি বিপরীত অবস্থানে মনে হচ্ছে। ১৯৯০ সালে অসলো শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পরে দ্বি-রাষ্ট্র সমাধান এখন অনেক দূরে। এদিকে নিরাপত্তা পরিষদের সভাপতি জাতিসংঘে মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ লাউলিখহি জানিয়েছেন, ১৪টি দেশ আলাদাভাবে তাদের বিবৃতি দিয়েছে। কারণ, সর্বসম্মতভাবে কোনো প্রস্তাব বা বিবৃতিতে রাজি হওয়ার প্রয়াস ব্যর্থ হয়েছে। জাতিসংঘে ইসরাইলের পক্ষে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অবশ্য ইসরাইলের এই বসতি নির্মাণকে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে।