সিরিয়া সঙ্কটে ১৫০ কোটি ডলার সহায়তার আহ্বান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
সিরিয়ার দুর্দশাগ্রস্ত মানুষের জীবন রক্ষার্থে বুধবার ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে ‘নাটকীয়ভাবে মানবতা বিপন্ন’ হচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। সংস্থাটির তরফ থেকে বলা হয়, আগামী জুনে সিরিয়ায় শরণার্থীর সংখ্যা দ্বিগুণ হতে পারে। এটি ১০ লাখেরও বেশি ছাড়িয়ে যেতে পারে। যারা পালিয়ে প্রাণ বাঁচিয়েছে, তাদের জন্য এখন জরুরি সাহায্য প্রয়োজন। সংস্থাটি জানায়, দেশটির দুর্দশাগ্রস্ত জনগণের জন্য ৫১ কোটি ৯৬ লাখ এবং পাঁচটি দেশে সিরিয়ার প্রায় ১০ লাখ শরণার্থীর জন্য ১০০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্রয়োজন। সিরিয়ায় জাতিসংঘের আঞ্চলিক মানবাধিকার সমন্বয়ক রাধোয়ানে নওইচার মন্তব্য করেছেন, সিরিয়ার মানবিক পরিস্থিতি একটি চরম বাস্তবতা। দেশটিতে ৪ লাখ মানুষকে সহায়তা দেয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘ। এর মধ্যে সহিংসতার কারণে গৃহহীন ২ লাখ মানুষও রয়েছেন। এছাড়া পাঁচটি দেশে ইতিমধ্যে ৫ লাখ ২৫ হাজার নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছে। সামপ্রতিক আনুমানিক হিসাব মতে, এ সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। রাধোয়ানে নওইচার বলেন, অনেক লোক সিরিয়া ছেড়ে পালিয়েছে। এখন আর মানুষ পালানোর মতো নিরাপদ স্থান খুঁজে পাচ্ছে না। এসব লোকদের এবং যারা বিভিন্ন স্থানে পালিয়ে আছে, তাদের জন্য জরুরি সাহায্য প্রয়োজন।