সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে “মুক্তির সোপান”

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৭
জেলা প্রশাসক আমিনুল ইসলামের উদ্যোগে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ৬ মাথায় চত্বরে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি ভিত্তিক জেলার বৃহত্তম স্থাপনা “মুক্তির সোপান”। এখানে আধুনিক ডিজাইনে নির্মিত হয়েছে প্রায় ৫০ ফুট সু-উচ্চতার একটি বিশাল শহীদ মিনার। শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই স্থাপনার প্রবেশ দ্বারে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা কারুকাজ সমন্বিত নান্দনিক স্থাপত্য। যা বঙ্গবন্ধুর এতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্থাপত্যকীর্তি দিয়ে আরো বিশালকায় সম্প্রসারিত করা হবে। এছাড়াও পৌরসভার সহযোগিতায় এখানকার সন্নিহিত জলাশয় সংস্কার করে ডিসি অফিস পর্যন্ত পায়ে হাঁটার আর্কষণীয় ব্রীজ, শিশু পার্কসহ মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় ২০ একর জায়গায় ১ কোটি টাকা অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এটি নির্মিত হচ্ছে। সমাজের বিত্তবান মানুষেরা এই স্থাপনাটি নির্মাণে সহযোগিতা করছেন বলে জানা গেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান বলেন, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যেন তাদের স্বাধীনতার প্রকৃত সঠিক ইতিহাস জানতে পারে সে জন্য এই মুক্তির সোপান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।