ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবিতে জনমত জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে ধর্মভিত্তিক ১২টি ইসলামী দলের ডাকা হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের এ সব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি বলেন, ১২ দলের মধ্যে আট দল এক বিবৃতির মাধ্যমে হরতাল থেকে তাদের সমর্থন তুলে নিয়েছে। এটা মূলত জামায়াত-শিবিরের হরতাল। যা জনগণ প্রত্যাখ্যান করেছে।
শামসুল হক টুকু বলেন, বিএনপি ও জামায়াত-শিবির কয়েকটি বিষয়ে একমত। সেটি হলো যুদ্ধাপরাধীদের বাঁচানো, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা।
তিনি বলেন, তারা ক্ষমতার বাইরে থাকতে চায় না। ক্ষমতার বাইরে থাকলে তাদের গাত্রদাহ হয়। কারণ তাদের (বিএনপি দলের)জন্মই ক্ষমতার মধ্য দিয়ে। তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভুয়া ও পথভ্রষ্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশের মানচিত্র পাল্টানোর যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। সমুদ্র বিজয়ের পর দেশের মানচিত্র পাল্টানোই স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।
