গুজরাটে নরেন্দ্র মোদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:২১
ভারতের গুজরাট বিধানসভায় এবারও জয় অধরা থেকে গেল কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেসের। মোট ১৮২টি আসনের মধ্যে ১১৫টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। টানা তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আর ৬১টি আসন পেয়ে এবারও বিরোধী দলে কংগ্রেস। অন্যদিকে হিমাচল প্রদেশ বিধানসভায় বিজেপিকে হারিয়ে পাঁচ বছর পর আবার ক্ষমতায় বসছে কংগ্রেস। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। গুজরাটের দুইবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মনিনগর কেন্দ্রে শ্বেতা ভট্টকে হারিয়ে ৮৬ হাজার ৩৭৩ ভোটে জিতলেন। ফল ঘোষণার পর টুইটারে বলেন, পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের সামনের দিকে তাকাতে হবে। অসীম ধৈর্য, সাহস ও শক্তির প্রয়োজন। এই জয় জনগণ, দল ও কাজের। গতকাল বিজয় ভাষণে মোদী বলেন, ‘অতীতে কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন। আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে ভুল না হয়।’ অপ্রত্যাশিত-ভাবে তিনি গতকাল হিন্দিতে দীর্ঘ বক্তব্য রাখেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করলেন যে, তার পরবর্তী লক্ষ্য দিল্লি। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, বিজেপি ক্ষমতায় গেলে ভারতের প্রধানমন্ত্রী হবেন মোদী। তার এই আকাঙ্ক্ষা পূরণের বড় বাধা হচ্ছে ২০০২ সালের দাঙ্গা। এই দাঙ্গায় সহস্রাধিক মুসলমান নিহত হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, গুজরাটে বিজেপিকে ১১৬ আসনে বেঁধে রেখে ‘নৈতিকভাবে’ জয় হয়েছে কংগ্রেসেরই। বাম নেতা গুরুদাস দাসগুপ্তের মতে, এই ফলাফলের মাধ্যমেই দেশের রাজনৈতিক পালাবদল শুরু হল। এদিকে হিমাচল প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এল বীরভদ্র সিংহের নেতৃত্বাধীন কংগ্রেস। রায় মেনে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমল। ৬৮টি আসনের বিধানসভায় ৩৬টি আসনে জিতল কংগ্রস। অন্যদিকে বিজেপি পেয়েছে ২৬টি আসন।