ব্রিটিশ বাংলার গুরুত্বপূর্ণ শহর ঢাকার অভিজাত অংশের (বর্তমান পুরান ঢাকা) অধিবাসীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমিদার ও শিক্ষানুরাগী বাবু নবকুমার ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘নবকুমার ইনস্টিটিউশন’। প্রতিষ্ঠানটি দেখতে দেখতে পার করেছে সাফল্যের ৯১ বছর। ছয়তলা ভবনের নবকুমার ইনস্টিটিউশনটির সঙ্গে ১৯৭৩ সালে যুক্ত হয়েছে আরও একটি নাম ‘ড. শহীদুল্লাহ কলেজ’। অর্থাত্ গোটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ। ১৭ শ’ ছাত্রছাত্রীর এই প্রতিষ্ঠান শিক্ষার মহান দায়িত্ব নিয়ে আজও চলছে, সমাজে জ্বেলে যাচ্ছে শিক্ষার আলো। অতীত ইতিহাস-ঐতিহ্যকে পুঁজি করে এবং বর্তমানের প্রতিযোগিতাপূর্ণ অবস্থাকে সমন্বয় করে ৬০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৪ জন কর্মচারী নিয়ে এগিয়ে চলছে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ। এই প্রতিষ্ঠানেরই একসময়ের ছাত্র আবদুল হালিম বর্তমানে এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
একসময় বৃহত্তর লালবাগ, ইসলামপুর, ওয়ারীসহ গোটা ঢাকার বিত্তবান, সম্মানিত ও বিশিষ্টজনের সন্তানদের লেখাপড়ার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ছিল নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ। এখন কেবল নিম্নবিত্ত এবং অতি দরিদ্র আয়ের বাবা-মায়ের সন্তানরা পড়ে এখানে। তবে পুনরায় এর অতীত ঐতিহ্যকে ধারণ করে প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপদানের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন এর শিক্ষকমণ্ডলী। যে পথে এখন অনেকটাই অগ্রসর তারা। যেমন, লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর জন্য ক্লাস রুটিনে পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে ক্লাসভিত্তিক মনিটরিং ব্যবস্থা, এমনকি বাসায় বাসায় শিক্ষকদের খোঁজখবর নেওয়ার জন্য ‘প্রক্টর’ কাজ করছেন। তাই সবার প্রত্যাশা, ধীরে ধীরে নবকুমার ইনস্টিটিউশন পুনরায় তার অতীত ঐতিহ্য ফিরে পাবে। ছাত্রছাত্রীকে উপযুক্ত ও অনুকরণীয় করে গড়ে তোলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজে। ৮ লক্ষাধিক টাকার বইসমৃদ্ধ বিশাল রুম নিয়ে লাইব্রেরি, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতিসমৃদ্ধ বিষয়ভিত্তিক ল্যাবরেটরি আছে এখানে। ছাত্রছাত্রীদের এ জন্য এখানে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ জন্য ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, কালচারাল ক্লাব এবং সেবা শেখানোর জন্য স্কাউটিংয়েরও ব্যবস্থা রয়েছে।এ প্রতিষ্ঠান সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৭৩০০৮৪৬। সুষ্ঠু পরীক্ষা কেন্দ্র হিসেবেও এর বেশ সুনাম রয়েছে। এবার ১০৯১ জন এই কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তারমধ্যে এদের রয়েছে প্রায় ২০০ পরীক্ষার্থী। যোগাযোগ :ড. শহীদুল্লাহ কলেজ; ১৬ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা।
