মেয়েশিশুর খত্নাকে ‘অপূরণীয় ও অনিরাময়যোগ্য নির্যাতন’ আখ্যা দিয়ে তা বন্ধ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই আহ্বান জানিয়ে ১৯৩টি সদস্য দেশের সম্মতিতে বৃহস্পতিবার সাধারণ পরিষদে এক প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবে মেয়েদের খত্না নিষিদ্ধ করতে এবং মেয়ে শিশুদের এ ধরনের সহিংসতা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিবছর বিভিন্ন দেশে প্রায় ৩০ লাখ মেয়ে এই খত্নার ভয়াবহতার শিকার হয়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে এই প্রথা চালু রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে এই প্রস্তাব নেয়া হলেও তা মানতে দেশগুলোর জন্য আইনগত কোনো বাধ্যবাধ্যকতা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো চিকিত্সার উদ্দেশ্যে নয় বরং শুধু সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কারণে এই প্রথা চালু রাখা হয়েছে। সংস্থার হিসেবে, ১৯৯৭ সালের পর খত্নার শিকার হয়েছেন ১৪ কোটি মেয়েশিশু। যারা এই প্রথা বন্ধের পক্ষে তাদের মতে, খত্নার পর নারীর মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ধর্ষণের সঙ্গে তুল্য।
