মালিতে সামরিক হস্তক্ষেপ অনুমোদন জাতিসংঘের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
উত্তর আফ্রিকার দেশ মালির রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ বন্ধে সামরিক হস্তক্ষেপের প্রস্তাবে সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার নিউইয়র্কে এ সংক্রান্ত অনুমোদন দেয় জাতিসংঘ। প্রস্তাবে বলা হয়, উত্তর আফ্রিকার এ অঞ্চলকে শান্ত করতে হলে এখানে অভিযানের আগেই রাজনৈতিক পুনর্মিলনী, নির্বাচন এবং দেশটির নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। মার্চে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মালির প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। দেশটির রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে স্বাধীনতাকামী ন্যাশনাল মুভমেন্ট ফর লিবারেশন অব আযাওয়াদ (এমএনএলএ) এবং আল-কায়েদার সাথে জড়িত মুভমেন্ট ফর ওনেনেস এন্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা (এমইউজেডব্লিউএ) দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু শহর নিজেদের দখলে নিতে প্রায়ই রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হচ্ছে। মালির বিস্তৃত মরুভূমিতে রাজত্ব কায়েম করা এসব অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করতে পশ্চিম আফ্রিকার দেশসমূহ ৩৩০০ জনের একটি শক্তিশালী বাহিনী সেখানে পাঠাতে চেয়েছে। এসব এলাকায় সামরিক বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করা হবে তা নিয়েও বিস্তারিত কর্মপরিকল্পনা রাখা হয়েছে প্রস্তাবে। ফ্রান্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, একান্ত বাধ্য না হলে এসব বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সাথে সম্মুখযুদ্ধকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন অবশ্য যুদ্ধ নীতিকে পরিহার করে শান্তি আলোচনার প্রতিই বেশি জোর দিয়েছেন। তার মতে, আলোচনার পথ এখনো বন্ধ হয়নি। ইটালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি বলেছেন, ২০১৩ সালের সেপ্টেম্বরের আগে সেখানে কোন ধরনের অভিযান শুরু করা হবে না।