আলজিরিয়া যে ফরাসী ঔপনিবেশিক শাসনের সময় নিপীড়িত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁন্সোয়া ওল্যাঁদ বুধবার তা স্বীকার করেছেন। তবে এই প্রশ্নে তিনি কোন আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা থেকে বিরত থাকেন।
আলজিয়ার্সে সে দেশের সংসদে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ১৩২ বছর ধরে আলজিরীয়রা নির্মম এবং অন্যায় এক শাসনব্যবস্থার অধীনে জীবনযাপন করেছেন। প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওল্যাঁদ এই সফরের সময় ফ্রান্সের পক্ষ থেকে এর জন্যে ক্ষমা চাইবেন বলে আশা করেছিল আলজেরীয়রা। ফ্রান্সে ৩০ বছরের কমবয়সী যেসব আলজিরীয়র বাস তারা ফ্রান্সকে শত্রু হিসাবে দেখে না, যেমনটা হয়ত দেখতেন তাদের আগের প্রজন্মের আলজিরীয়রা। বরং এক সমীক্ষায় দেখা গেছে তাদের সাবেক ঔপনিবেশিক শাসক সম্পর্কে বর্তমান প্রজন্ম উদাসীন— আজকের দ্বিপক্ষীয় সম্পর্কের যুগে তারা চায় সমানাধিকার। তবে অতীত ইতিহাসকে দু’দেশ কখনই পুরোপুরি স্বীকার করে নেয়নি। সেই অর্থে আলজিরীয় সংসদে ওল্যাঁদের ভাষণ একটা সূচনা। তিনি তাঁর ভাষণে বলেছেন - ১৩২ বছর আলজিরিয়া একটা নির্মম ও অন্যায় শাসনের অধীনে ছিল - যেটি হল ঔপনিবেশিকতা। কিন্তু একথা বললেও পূর্ণাঙ্গ ক্ষমা তিনি চাননি অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অপরাধের জন্য কোনোরকম অনুশোচনা দেখাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজিরীয় জাতীয়তাবাদী অভ্যূত্থান ফরাসী বাহিনী যখন নির্দয় হাতে দমন করেছিল, তখন প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ।
