ব্রিটিশ সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন হামিদ কারজাই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৪
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী বছর আফগানিস্তান থেকে কয়েক হাজার ব্রিটিশ সৈন্য প্রত্যাহারের ঘোষণাকে বৃহস্পতিবার স্বাগত জানিয়ে বলেছেন, তার দেশ নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার বলেছেন, তিনি আফগানিস্তান থেকে আগামী বছর তার দেশের নয় হাজার সৈন্যের অর্ধেক প্রত্যাহার করবেন। ন্যাটো বাহিনী যখন ২০১৪ সালের শেষ নাগাদ আফগান বাহিনীর কাছে পূর্ণাঙ্গ নিরাপত্তা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে, তখন এই ঘোষণা এলো। এদিকে আফগানিস্তানে বিদেশি সৈন্যদের ওপর উর্দিপরা আফগানদের ‘অভ্যন্তরীণ’ হামলা বৃদ্ধি পেয়েছে এবং আশংকা করা হচ্ছে যে, ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কারজাই বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ‘সময়োচিত’ এবং তার দেশ নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। কারজাই’র দফতরের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী তাদের দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিধানে প্রস্তুত রয়েছে।