সংবাদ কণিকা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
মাথায় আঘাত পেলেন মোবারক কারাগারের বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাত পেলেন মিসরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক (৮৪)। এ ঘটনার পর শনিবার তাকে কায়রোর সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় এক্স-রে শেষে বুধবার তাকে আবার কারাগারে পাঠানো হয়। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মোহাম্মদ ইব্রাহীম বলেন, এক্স-রে করার পর তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে মোবারকের পরিবার এবং আইনজীবীরা তাকে আরও কয়েকদিন হাসপাতালে রাখার আবেদন করেছেন। তাদের দাবি- কারাগারে থাকার যে ব্যবস্থা রয়েছে তা অত্যন্ত নিম্নমানের। -এবিসি নিউজ ‘৪৫০ কোটি বছর পর’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মায়াদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন- আরও সাড়ে ৪শ’ কোটি বছরের আগে পৃথিবী ধ্বংস হবার কথা নয়। ক্রেমলিনে ফেরার পর প্রথম বড় ধরনের সংবাদ সম্মেলনে পুতিন একথা বলেন। তিনি বলেন, পৃথিবী কখন ধ্বংস হবে আমি জানি। এটা হবে প্রায় সাড়ে ৪শ’ কোটি বছর পর। তিনি বলেন, সবকিছুই শেষ হয়ে যাবে। সূর্য নিভে যাবে—সেটাই হবে বিশ্বের পরিসমাপ্তি। তবে এর আগে এটি ‘শ্বেত বামন’-এ পরিণত হবে। -এএফপি মাদক সম্রাটের ‘মেয়ে’ মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের স্বঘোষিত মেয়ে অপরাধ স্বীকার করায় যুক্তরাষ্ট্রের এক বিচারক তাকে মুক্তি দিয়ে মেক্সিকোয় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন। বুধবার এক মুখপাত্র জানান, মেক্সিকোর তিজুয়ানা শহরের সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সান ইসিদ্রো শহর থেকে ১২ অক্টোবর আলেজান্দ্রিনা গিসেলে গুজম্যান সালাজারকে (৩১) গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি সান ডিয়েগোতে আটক ছিলেন। প্রসিকিউটরের মুখপাত্র ডেবরা হার্টম্যান বলেন, গুজম্যান সালাজারের বিরুদ্ধে প্রতারণা ও ভিসার অপব্যবহারসহ ছয়টি অভিযোগ আনা হয়। চীনে গ্রেফতার সহস্রাধিক পৃথিবীতে কেয়ামত নেমে আসছে—এ ধরনের গুজব ছড়ানোর অভিযোগে চীনের নিষিদ্ধ ঘোষিত খ্রীষ্টান দলের সদস্যসহ সহস্রাধিক লোককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংবাদপত্রের খবরে একথা বলা হয়েছে। এদের মধ্যে মুসলমানদের একটি সংগঠনের চার শতাধিক লোককে উত্তর-পশ্চিমাঞ্চলের কিংহাই প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ৩৫০ জনকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। বাকিদের পাঁচটি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিশ্বাস ছিল ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অন্তত মায়া সভ্যতার দিনপঞ্জি তাই বলে? তবে বিজ্ঞানীরা বলছেন- এটা তো সত্য নয়ই, বরং এটা হতে পারে এক ধরনের ব্যবসায়িক বুদ্ধি?-আল জাজিরা