মহাখালী ও কদমতলীতে আগুন, জুতার গোডাউন কাঁচাবাজার পুড়ে ছাই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৭
রাজধানীর মহাখালী ও কদমতলীতে গতকাল শুক্রবার পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কাঁচাবাজারের বেশ কিছু ঘর ও একটি জুতার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আবদুল খালেক ইত্তেফাককে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মহাখালীর কাঁচাবাজারে আগুন লাগে। আগুন নেভাতে দমকল বাহিনীর সদর, বারিধারা ও তেজগাঁওয়ের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু মাত্র তিনটি ইউনিটকে কাজ করতে হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব জানা যায়নি। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লেগেছিল সে ব্যাপারে প্রাথমিকভাবে ফায়ার কর্মীরা কিছু জানাতে পারেনি। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় একটি ডাইং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা জানান, সকাল ৯টা দিকে একটি ডাইং ফ্যাক্টরিতে আগুন লাগে। পরে ডাইং ফ্যাক্টরির পাশে থাকা একটি জুতার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা পৌনে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালের দিকে কদমতলী থানার শ্যামপুর বালুর মাঠ এলাকার এই ঘটনায় কেউ হতাহত হয়নি।