সিরিয়া সরকার পতন ঠেকিয়ে রাখতে মরিয়া হয়ে বিদ্রোহী যোদ্ধাদের ওপর স্কাড ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, তার দেশ সিরিয়ায় নৈরাজ্য চায় না এবং তারা সিরিয়া সরকারের সমর্থক নয়। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক স্থাপনায় নিজেদের দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার সরকারি বাহিনী এখনো বিদ্রোহী যোদ্ধাদের ওপর স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব আন্দ্রে ফগ রাসমুসেন। শুক্রবার ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ন্যাটো ও এর মিত্র দেশগুলো সিরিয়ায় নতুন করে ব্যবহার হওয়া স্কাড ক্ষেপণাস্ত্রের আলামত পেয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে কয়েকটি স্কাড ধাঁচের ক্ষেপণাস্ত্র উেক্ষপণের আলামত পাওয়া গেছে বলে রয়টার্সকে জানায় ন্যাটোর একটি সূত্র।
গত সপ্তাহে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র জানিয়েছিল, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে দেশের উত্তরাঞ্চলে ছয়টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা জোরগলায় অস্বীকার করেছে। সিরিয়ার লড়াইয়ে রকেট, মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র এমনকি রাসায়নিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা সামরিক বাহিনীর আছে বলে মনে করা হয়। এগুলোর মধ্যে রয়েছে সোভিয়েত আমলের তৈরি এসএস-২ স্কারাব এবং স্কাড-বি ক্ষেপণাস্ত্রও। পতনের মুখে থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার স্কাড হামলার মাধ্যমে লড়াই জয়ের মরিয়া চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাসমুসেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, তার দেশ সিরিয়ায় নৈরাজ্য চায় না। ইউরোপিয়ান ইউনিয়ন এবং রাশিয়ার একটি শীর্ষ বৈঠকের সমাপনী সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি একথা জানান। পুটিন বলেন,আমরা সিরিয়ায় জনগণের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং একটি গণতান্ত্রিক শাসনের জন্য সামনের দিকে তাকিয়ে আছি। তিনি আরো বলেন,আমরা সিরিয়ায় নৈরাজ্য পছন্দ করবো না। সবাই সহিংসতা এবং রক্তপাত বন্ধে আগ্রহী। আমরা সিরিয়া সরকারের সমর্থক নই। সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক শিল্প স্থাপনায় বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তুর্কি সীমান্তের কাছে বিস্তৃত এলাকায় নিজেদের দখলে নিতে শুক্রবার এই হামলা চালানো হয়।
