যুক্তরাষ্ট্রে গৃহহীন লোক বেড়েছে
যুক্তরাষ্ট্রে ক্ষুধা পীড়িত ও গৃহহীন লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থ সংকটের মুখে থাকা বিভিন্ন নগরী ও সমাজ সেবা কেন্দ্র বাধ্য হয়ে দুস্থ লোকজনকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বড় ২৫টি নগরীতে সোশ্যাল সার্ভিস অপারেটরদের জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রে সাহায্য প্রার্থনা করা গৃহহীন লোকের সংখ্যা ২০১১ সাল থেকে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। - এএফপি
ভুল চিকিত্সার জরিমানা
ভুল চিকিত্সার অপরাধে ভারতের হুগলি জেলা ক্রেতা সুরক্ষা আদালত এক ডাক্তারকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। চলতি বছরের মার্চে চণ্ডীতলার মশাটের বাসিন্দা শৌনক নামের এক শিশু বা হাতে আঘাত পান। স্থানীয় শল্য চিকিত্সক তার হাতের প্লাস্টার করেন। কিন্তু সে প্লাস্টার ঠিক না হওয়ায় তার হাতের স্নায়ুর ক্ষতি হয়। পরে হাত কেটে ফেলতে বাধ্য হয়। - বিবিসি
শ্রীলংকায় একশ’ চীনা গ্রেফতার
শ্রীলংকান কর্তৃপক্ষ রাজধানীর ভেতর ও বাইরে একের পর এক অভিযান চালিয়ে একশ’ চীনা নাগরিককে গ্রেফতার করেছে। অর্থ সংক্রান্ত বিষয়ে নিজ দেশের লোককে প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার শ্রীলংকান কর্তৃপক্ষ জানান, চীনে অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রেফতারকৃতরা ভুয়া হিসাব খুলে তারা নিজ দেশের লোকজনকে ঠকিয়ে আসছিল। - এএফপি
সিঙ্গাপুরের উন্নতির নেপথ্যে
বিশ্বব্যাংকের করা সাম্প্রতিক এক তালিকা অনুযায়ী আগামী বছরে ব্যবসা শুরুর সবচেয়ে সহজ পরিবেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশ হিসেবে সিঙ্গাপুর দ্রুত উন্নতি করছে। সিঙ্গাপুরের এ উন্নতি রহস্যের মূলে রয়েছে নতুন প্রযুক্তি-উদ্যোক্তা ও প্রযুক্তির প্রসার। সম্প্রতি বিবিসি অনলাইন সিঙ্গাপুরের প্রযুক্তি-উন্নয়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।- বিবিসি
সাদ্দামের অস্ত্র বিক্রির চেষ্টা!
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চোরাই আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রগুলো ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিবারের বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল, শটগান ও রিভলবার উদ্ধার করা হয়েছে।- রয়টার্স
