সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ১৪ জানুয়ারির মধ্যে শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হলে ১৫ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করা হবে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সমাজ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দুই দশকেরও বেশি সময় ধরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের পেশাগত এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু শিক্ষকদের এ আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে।
শিক্ষকদের অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে- ১৫ থেকে ১৭ জানুয়ারি শিক্ষক-ছাত্র হাজিরার পর ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি, ১৯ থেকে ২১ জানুয়ারি ১০টা থেকে ১২টা পর্যন্ত, ২২ থেকে ২৪ জানুয়ারি ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ২৬ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন। সম্মেলনে সংগঠনের সভাপতি আউয়াল তালুকদার, মহাসম্পাদক মিসেস সালেহা আক্তার, সহ-সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, যুগ্ম মহাসম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
