জন কেরি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৪
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর জন কেরি। শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। খবর বিবিসি ও রয়টার্সের। কেরিকে মনোনয়ন দিয়ে ওবামা বলেন, কেরি এ দায়িত্ব নেয়ার জন্য পুরো জীবন নিজেকে তৈরি করেছেন। বিশ্ব নেতাদের কাছ থেকে কেরির অর্জিত সম্মান ও আস্থার জন্য প্রেসিডেন্ট ওবামা তার ভূয়সী প্রশংসা করেন। জন কেরি ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের কাছে পরাজিত হন। তিনি সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পদে তার প্রার্থিতা পরিহার করার পর কেরিকে এ পদে মনোনীত করার বিষয়টি সামনে চলে আসে। আগামী জানুয়ারি মাসে কেরি দায়িত্ব নিতে পারেন। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতার জন্য কোথায় কী ব্যবহার করা প্রয়োজন, তা ভালো বুঝতে পারেন জন কেরি। বর্ষীয়ান এই সিনেটরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য দীর্ঘ সময়ের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ওবামা আশা প্রকাশ করেন, সিনেটে খুব সহজে জন কেরি উতরে যাবেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকস্থলীর ভাইরাসজনিত সংক্রমণে অসুস্থ হয়ে পড়ায় জন কেরির নাম ঘোষণার সময় উপস্থিত থাকতে পারেননি। এক বিবৃতিতে হিলারি বলেছেন, পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে জন কেরিকে বাছাই করা চমত্কার হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব টেকসই ও আরো জোরদার করতে পারবেন।