হরতালের নামে ভবিষ্যত নেতাদের ক্ষতি করা হচ্ছে :শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৬
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ সুন্দর আগামীর পথে এগিয়ে যাচ্ছে। আমরা এমন একটা শিক্ষানীতি করেছি যেটা দলীয় নীতি নয়, জাতীয় নীতি হিসেবে কাজ করবে। তিনি বলেন, যারা ভবিষ্যতে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে তাদের কাছ থেকে হরতালের নামে এক-একটি মূল্যবান দিন কেড়ে নেয়া হচ্ছে। আমরা পহেলা জানুয়ারিকে পাঠ্যপুস্তক দিবস হিসেবে পালন করি। আমরা ক্ষমতায় এসে শিক্ষকদের ৬০ শতাংশ বেতন ভাত বৃদ্ধি করেছি। শিগগির শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিত্সা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উত্সবের প্রথমদিনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ নোমান-উর রশিদ। এদিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশগ্রহণ করে। বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ড প্রাঙ্গণে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেমিনার, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন খান। অনুষ্ঠানে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের কলেজ পরিদর্শক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ড. মোঃ নিজামুল করিম।