সাভারে দুটি গার্মেন্টে গতকাল শনিবার আগুন লাগলে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। আগুন লাগার পর পোশাক কারখানা দুটিতে এক বেলা কাজে বিঘ্ন ঘটে। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের ‘নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় ও দুপুরে কলমা-জিনজিরা এলাকার সিপিএম কম্পোজিট নিট লিমিটেডে এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়ার সময় দ্বিতীয়তলায় একটি মেশিন থেকে সামান্য আগুন বের হয়। এতে মেশিনটির পাশে পড়ে থাকা বেশকিছু গেঞ্জি পুড়ে যায়। এ সময় হঠাত্ কোনো শ্রমিক ফায়ার এলার্ম চেপে দিলে শ্রমিকরা আগুন আতঙ্কে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৪/৫ জন শ্রমিক সামান্য আহত হয়। অপরদিকে সাভারের কলমা-জিনজিরা এলাকার সিপিএম কম্পোজিট নিট লিমিটেড নামের অপর একটি পোশাক কারখানায় শনিবার দুপুরের দিকে একটি মেশিনে আগুন লাগে। এ সময় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কারখানার অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।
