বটিয়াঘাটায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২০
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে উপজেলার আমতলা গ্রামে ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। উপজেলার চরখালী মাছালিয়া মৌজায় এস এ ২৬২ খতিয়ানে দেবীতলা গ্রামের বিজন কুমার মণ্ডলের ভোগ-দখলীয় বাগানবাড়ির জমি পরিকল্পিতভাবে আমতলা গ্রামের ক্ষিতিশ রায়ের পুত্র বিপুল রায় জোরপূর্বক দখল করতে গিয়ে হামলা চালায় বলে আহত বিজন মণ্ডল অভিযোগ করেছেন। হামলাকারীরা লোহার রড, দা, লাঠি নিয়ে অতর্কিতভাবে বিজন ও তার লোকজনের উপর হামলা চালায়। এ সময় লাঠিয়ালদের আঘাতে বিজন মণ্ডল, শচীন্দ্রনাথ ও সুভাষ রায় আহত হন। আহতদের মধ্যে শচীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকালে বিজন মণ্ডলের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ও ১৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট দুর্বৃত্তরা ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা চলছে। বিজন মণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বটিয়াঘাটা থানার ওসি ফজলুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত বিপুল রায়ের বক্তব্য জানার জন্য বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।