জীবনের লটারি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:১৩
আপনি সফল না ব্যর্থ হবেন তা অনেকাংশে নির্ভর করছে আপনার জন্ম কোথায় হচ্ছে? বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ওয়ারেন বাফেট বলেছিলেন, তার সফলতার পেছনে সবচেয়ে যে বিষয়টি কাজ করেছে তা হলো সঠিক সময়ে সঠিক দেশে জন্ম নেয়া। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে এ সৌভাগ্যবান ব্যক্তির জন্ম। ১৯৮৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের ভাগ্যবান বলে ধরা হতো। কিন্তু অবস্থা পাল্টেছে। জন্মস্থানের দিক থেকে উন্নত দেশের তালিকার ১৬ নম্বর স্থানে চলে গিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম অবস্থানে আছে সুইজারল্যান্ড। আর ৭৭তম স্থানে আছে বাংলাদেশ। এ তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৬৬তম। আর পকিস্তানের অবস্থান ৭৫তম। এ তালিকায় নাইজেরিয়ার অনস্থান ৮০তম। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে একটি শিশুর জন্য নাইজেরিয়াতে জন্মগ্রহণ করা একেবারে দুঃস্বপ্ন। প্রভাবশালী ম্যাগাজিন দি ইকোনোমিস্ট-এর ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের প্রতিবেদনে ২০১৩ সালে জন্ম নেয়ার ইচ্ছে শীর্ষক প্রতিবেদনে ৮০টি দেশের নাম প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। দ্বিতীয় অস্ট্রেলিয়া এবং তৃতীয় নিউজিল্যান্ড। ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট তাদের জরিপে ওই ৮০টি দেশের মানুষের জীবনমানের বিষয়টি বিবেচনায় এনেছে। নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও উন্নত জীবনব্যবস্থা এ জরিপের নিয়ামক ছিলো। এ জরিপে জীবনমানের স্কোর ধরা হয়েছে ১০। এর মধ্যে সুইজারল্যান্ড সর্বোচ্চ ৮ দশমিক ২২ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮ দশমিক ১২। আর ৮ দশমিক ৯ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে নরওয়ে। তালিকায় ৭৭ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ৫ দশমিক ৭। ইন্টিলিজেন্স ইউনিট তাদের জরিপে অপরাধ, সরকারি অফিসগুলোর প্রতি আস্থা এবং পারিবারিক জীবনকেও প্রাধান্য দিয়েছে। একটি শিশু ২০১৩ সালে জন্ম নিলে ২০৩০ সালে সংশ্লিষ্ট দেশে তার অবস্থান কি থাকবে তাও আমলে আনা হয়েছে রিপোর্টে। এছাড়া বিশ্ব রাজনীতির পরিবর্তন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা এ জরিপকে উল্লেখযোগ্য হারে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, সন্তান জন্মদানের জন্য যুক্তরাষ্ট্রকে একসময় বাবা-মায়েরা আদর্শ জায়গা বলে মনে করলেও এখন আর আগের অবস্থা নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রে একটি শিশু জন্মগ্রহণ করলে সে শিশু বিপুল অংকের ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মায়। ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট সন্তান জন্মদানের জন্য উত্তম বিবেচনায় যে ৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে চতুর্থ সুইডেন, পঞ্চম ডেনমার্ক, ৬ষ্ঠ সিংগাপুর, সপ্তম নিউজিল্যান্ড, অষ্টম নেদারল্যান্ডস, নবম কানাডা, দশম হংকং, ১১তম ফিনল্যান্ড, ১২তম আয়ারল্যান্ড, ১৩তম অস্ট্রিয়া, ১৪তম তাইওয়ান, ১৫তম বেলজিয়াম, ১৬তম যুক্তরাষ্ট্র ও জার্মানি, ১৮তম সংযুক্ত আরব আমিরাত, ১৯তম দক্ষিণ কোরিয়া, ২০তম ইসরাইল, ২১তম ইটালি, ২২তম কুয়েত, ২৩তম চিলি ও সাইপ্রাস, ২৫তম জাপান, ২৬তম ফ্রান্স, ২৭তম ব্রিটেন, ২৮তম চেক রিপাবলিক ও স্পেন, ৩০তম কোস্টারিকা ও পর্তুগাল, ৩২মত শ্লোভেনিয়া, ৩৩তম পোল্যান্ড, ৩৪তম গ্রিস, ৩৫তম শ্লোভাকিয়া, ৩৬তম মালয়েশিয়া, ৩৭তম ব্রাজিল, ৩৮তম সৌদি আরব, ৩৯তম মেক্সিকো, ৪০তম আর্জেন্টিনা ও কিউবা, ৪২তম কলম্বিয়া, ৪৩তম পেরু, ৪৪তম এস্তনিয়া ও ভেনিজুয়েলা, ৪৬তম ক্রোয়েশিয়া ও হাংগেরি, ৪৮তম লাটভিয়া, ৪৯তম চীন, ৫০তম থাইল্যান্ড, ৫১তম তুর্কি, ৫২তম ডোমেনিকান রিপাবলিক, ৫৩তম দক্ষিণ আফ্রিকা, ৫৪তম আলজেরিয়া ও সার্বিয়া, ৫৬তম রুমানিয়া, ৫৭তম লিথুনিয়া, ৫৮তম ইরান, ৫৯তম তিউনিশিয়া, ৬০তম মিসর, ৬১তম বুলগেরিয়া, ৬২তম এল সালভেদোর, ৬৩তম ফিলিপাইন্স ও শ্রীলংকা, ৬৫তম ইকুয়েডর, ৬৬তম ভারত ও মরক্কো, ৬৮তম ভিয়েতনাম, ৬৯তম জর্ডান, ৭০তম আজারবাইজান, ৭১তম ইন্দোনেশিয়া, ৭২তম রাশিয়া, ৭৩তম সিরিয়া, ৭৪ কাজাকস্তান, ৭৫ পাকিস্তান, ৭৬তম এংগোলা, ৭৭তম বাংলাদেশে, ৭৮তম ইউক্রেন, ৭৯তম কেনিয়া এবং ৮০তম নাইজেরিয়া।