পাকিস্তানে সমাবেশে বোমা হামলায় মন্ত্রীসহ নিহত ৯

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:২৪
পাকিস্তানের পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে বোমা হামলায় একজন জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রীসহ নয়জন নিহত হয়েছেন। নিহত ঐ মন্ত্রীর নাম বশির আহমেদ বিলৌর। তিনি খাইবার পাখতুনখা প্রদেশের স্থানীয় সরকার ও প্রাদেশিক গ্রাম উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখা প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির এক সভায় শনিবার বিকালে আত্মঘাতী হামলা চালানো হয়। পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের শরিক আওয়ামী ন্যাশনাল পার্টির একজন নেতার বাড়ির কাছাকাছি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলায় বশির আহমেদ বিলৌর গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীও আছেন। ঐ হামলার ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিন্দা ও শোক জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ রবিবার পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাকিস্তানি তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। খাইবার পাখতুনখা প্রদেশটির প্রভাবশালী রাজনৈতিক দল এএনপির নেতাকর্মীদের উপর বারবার হামলা চালিয়ে আসছে তালেবানরা। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া সত্ত্বেও শনিবার বশির আহমেদ বিলৌওরের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা রবিবার একথা জানিয়েছে। ফলে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে। পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান শহীদ দাবি করেছেন, খাইবার পাখতুনখা প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনৈতিক সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে আত্মঘাতী হামলাকারী এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, প্রায় ছয় কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর মাথা ও পা পাওয়া গেছে। এদিকে দেশটির তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গত শনিবার দেশবাসীর প্রতি নতুন উদ্যমে সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানিয়েছেন।