মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল শিগগিরই মিয়ানমার যাবে। শনিবার আরব নিউজকে একথা জানিয়েছেন ওআইসির মহাসচিব ইকমেলেদ্দিন ঈশানগ্লু। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। প্রতিনিধিদলে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের আমন্ত্রণেই ওআইসির প্রতিনিধিদল দেশটিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। আরব নিউজকে তিনি বলেন,“মিয়ানমার সফরের পূর্বপরিকল্পনা বাতিল করিনি আমরা, দেশটির নিরাপত্তাহীন পরিস্থিতির জন্য তখন সফর স্থগিত করা হয়েছিল।” ১৯৮২ সালে এক আইনের মাধ্যমে মিয়ানমারে প্রায় দশ লাখ রোহিঙ্গার নাগরিকত্ব বাতিল করা হয়। এদের অধিকাংশই দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।
রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত “বাঙালি অভিবাসী” বলে অভিহিত করে নাগরিকত্ব দিতে অস্বীকার করে মিয়ানমার সরকার। জাতিসংঘ বলছে, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতিগুলোর মধ্যে রোহিঙ্গারা অন্যতম।
