যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হওয়ার পর বিশ্বে সিরিয়া পরিস্থিতি, ইরানের পরমাণু কার্যক্রম ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জন কেরিকে। কেরির সামনে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সিরিয়ায় বাশার আল-আসাদের পরিবর্তে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অন্যতম বলে জানিয়েছে ‘দ্য নিউইয়র্ক টাইমস’। এছাড়া কূটনৈতিকভাবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি না করতে দেয়া এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতার পদক্ষেপ নিতে হবে তাকে। অন্যদিকে চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টিকে তিনি গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুত হচ্ছিলেন জন কেরি। ২০০৯ সালেই এ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও ওবামা দ্বিতীয় দফায় ক্ষমতাসীন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হলেন ম্যাসাচ্যুসেটসের গভর্নর। ১৯৮৫ সাল থেকে ম্যাসাচ্যুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের এ জ্যেষ্ঠ সিনেটর। ২১ ডিসেম্বর তিনি হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হন।
