ছাই উদগীরণ
চিলির দক্ষিণাঞ্চলের কোপাহু আগ্নেয়গিরি থেকে শনিবার ছাইয়ের উদগীরণ শুরু হয়েছে। এর ফলে প্রতিবেশী আর্জেন্টিনা মৃদু সতর্কাবস্থা জারি করেছে। উভয় দেশের সীমান্তে অবস্থিত ২ হাজার ৯শ ৬৫ মিটার উচ্চতাবিশিষ্ট আগ্নেয়গিরিটির জ্বালামুখ আর্জেন্টিনার দিকে ঘুরানো রয়েছে। বিশেষজ্ঞরা একথা জানান। কর্তৃপক্ষ নিকটবর্তী জনপদের লোকজনকে মৃদু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবেও পর্যবেক্ষণ করা হচ্ছে। মেয়র ভিক্টর লবস জানান, স্থানীয়রা উদ্বিগ্ন। —রয়টার্স
দ্রুতগতির রেলপথ
চীনে আগামী সপ্তাহে বিশ্বের দীর্ঘতম দ্রুতগতির রেলপথ উদ্বোধন করা হবে। দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত শনিবার এ তথ্য জানান। রাজধানী বেইজিংয়ের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরের সংযোগকারী দুই হাজার ২৯৮ কিলোমিটার দীর্ঘ দ্রুতগতির এই রেলপথ আগামী বুধবার উদ্বোধন করার কথা। ১০ ঘণ্টা সময়ের এই পথে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে ট্রেন চলবে। ওই রেলপথের অংশবিশেষ এখন চালু রয়েছে। —রয়টার্স
জুমার স্ত্রী সুখী
যে যা-ই বলুক না কেন, জ্যাকব জুমাকে বিয়ে করে সুখী তার চতুর্থ স্ত্রী বঙ্গি এনজেমা জুমা। তার দাবি, প্রত্যেক স্ত্রীকে আলাদাভাবে স্বাধীন ব্যক্তি হিসেবে দেখার ক্ষমতা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্টের। প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বসে বিবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে আত্মবিশ্বাস নিয়ে স্বামী সম্পর্কে এসব কথা জানান দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট লেডি। শনিবার বিবিসি অনলাইনে সাক্ষাত্কারটি প্রকাশিত হয়। —বিবিসি
অ্যালকোহল নিষিদ্ধ
চীনে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভূরিভোজে অ্যালকোহল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধমে এ তথ্য জানানো হয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির নয়া প্রধান শি জিনপিংয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দেশটির শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশন এ ঘোষণা দিয়েছে। —বিবিসি
আবেদনময়ীর চাকরি যাবে!
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট এক মামলার আদেশে শুক্রবার বলেছেন, রাজ্যের কোনো প্রতিষ্ঠানে কর্মরত নারীকর্মী যদি অতি আবেদনময়ী হন তবে মালিক তাকে ছাঁটাই করলে তা বেআইনি হবে না। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। —রয়টার্স
